ইত্তেফাক রিপোর্ট
চলতি অর্থবছরে (২০১৮-১৯) মে মাস পর্যন্ত ১১ মাসে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) বাস্তবায়ন হার ৬৭ দশমিক ৯৭ শতাংশ। এ সময় মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করেছে এক লাখ ২০ হাজার ৩৬ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৬২ দশমিক ৮১ শতাংশ। ওই সময় খরচ হয়েছিল ৯৮ হাজার ৯৭৮ কোটি টাকা। সেই তুলনায় এডিপি বাস্তবায়ন কিছুটা বেড়েছে। চলতি অর্থবছরে সংশোধিত এডিপির আকার হয়েছে এক লাখ ৭৬ হাজার ৬২০ কোটি টাকা। গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক মে মাস পর্যন্ত সংশোধিত এডিপি বাস্তবায়ন হার তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় জানানো হয়, চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত ১৫টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য এক লাখ ৪৫ হাজার ২৩ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এটি মোট সংশোধিত এডিপির ৮২ দশমিক ১১ শতাংশ। মে মাস পর্যন্ত ১১ মাসে এ বরাদ্দের বিপরীতে খরচ হয়েছে এক লাখ ১ হাজার ৮৫৮ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৭০ দশমিক ২৪ শতাংশ।