যুক্তরাষ্ট্রের দরিদ্র নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ব্যবসায়ে গ্রামীণ আমেরিকার বিনিয়োগ ৩০০ কোটি ডলার ছাড়িয়েছে। গ্রামীণ ক্ষুদ্রঋণ মডেলে স্থাপিত নিউইয়র্কভিত্তিক গ্রামীণ আমেরিকা ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস এটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন অ্যাভন-এর সাবেক চেয়ারম্যান অ্যন্ড্রিয়া জাং।
মার্কিন যুক্তরাষ্ট্রের দরিদ্র নারীদের জন্য ঋণ, সঞ্চয় সুবিধা, আর্থিক শিক্ষা এবং ক্রেডিট অর্জন সংক্রান্ত সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। মূলধারার আর্থিক প্রতিষ্ঠানগুলি থেকে ক্ষুদ্র নারী উদ্যোক্তারা ৪ শতাংশ ঋণ পেয়ে থাকেন। গ্রামীণ আমেরিকা এ ধরনের পরিবারের নারীদেরকে ক্ষুদ্র ব্যবসা গড়ে তুলতে ঋণ দিয়ে থাকে।
ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ব্যবসায়ে ২০১৮ সালে গ্রামীণ আমেরিকার বিনিয়োগ ১০০ কোটি ডলার ও ২০২১ সালে ২০০ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্রুত বর্ধনশীল ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান হিসেবে সাফল্যের পরিচয় বহন করে।