বাকেরগঞ্জে শেখ রাসেল স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর উদ্বোধন 

বরিশালের বাকেরগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়াম (দ্বিতীয় পর্যায়) ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে পৌরসভার হ্যালিপ্যাড মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল (বাকেরগঞ্জ)-৬ আসনের সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা। আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম চুন্নু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ উপজেলার সর্বস্তরের জনগণ।
 
ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, প্রথম উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ উদ্বোধন করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ক্রীড়াবান্ধব বিধায় তার ঐকান্তিক প্রচেষ্টা ও নির্দেশনায় বাংলাদেশের ক্রীড়াঙ্গন এগিয়ে বিশ্ব দরবারে ব্যাপক পরিচিতি লাভ করেছে।