ঈদের পর ছবি মুক্তি

সেন্সর পাশ করেও থেমে আছে মুক্তি!

g বিনোদন রিপোর্ট

ঈদের মুক্তি পাওয়া ৩ ছবিতেই এখনো সচল হলগুলো। এরপর আর কোনো চলচ্চিত্র মুক্তি পায়নি। তবে ঈদের পরই ছাড়পত্র পেয়েছে দুটি সিনেমা ‘মায়বতী’ ও ‘আব্বাস’। এ দুটি সিনেমা ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে আরো কয়েকটি ছবি। এরমধ্যে অন্যতম শাহেনশাহ, ঊনপঞ্চাশ বাতাস, বিউটি সার্কাস, ইন্দুবালা, আমি একটা সিনেমা বানাবো, প্রেম চোর ও সাপলুডু। তবে সিনেমাগুলোর বেশিরভাগই মুক্তির তারিখ এখনো নিশ্চিত নয়।—সিনেমা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেল। তবে সবাই চাইছেন কোনো উত্সবকে কেন্দ্র করে চলচ্চিত্রগুলো মুক্তি দিতে। কারণ উত্সব ছাড়া অন্য সময়ে কেউ ঝুঁকি নিতে চান না।

তবে মাহমুদ হাসান শিকদার পরিচালিত অবতার ১৯ জুলাই মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক। ছবিটি মুক্তি উপলক্ষে এরইমধ্যে চলছে নানা প্রচারণা। যার অংশ হিসেবে অনলাইনে মুক্তি দেওয়া হলো ‘যারে দেখে মন’ শিরোনামের রোমান্টিক একটি গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। ছবিটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন নির্মাতা নিজেই। এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন আমিন খান ও মাহিয়া মাহী।

এদিকে সম্প্রতি চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে দুই সিনেমা ‘আব্বাস’ ও ‘মায়াবতী’। তবে কবে মুক্তি পাবে তা এখনো নিশ্চিত নয়। তবে মায়াবতী আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে বলে ধারণা করছেন অনেকেই। এটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। এ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম বড়পর্দায় একসঙ্গে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও স্বপ্নজাল ছবির নায়ক ইয়াশ রোহান। এতে আরো অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, দিলারা জামান, ফজলুর রহমান বাবু, আফরোজা বানু, ওয়াহিদা মল্লিক জলি, আব্দুল্লাহ রানা, অরুণা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুন প্রমুখ। সেন্সর ছাড়পত্র পাওয়া প্রসঙ্গে অরুণ চৌধুরী বলেন, ‘আমি অনেক খুশি। ছবিটি শুরুতেই প্রসংশা কুড়িয়েছে। সেন্সর বোর্ডের কয়েকজন সদস্য আমাকে তাঁদের ভালোলাগার কথা জানিয়েছেন। যাঁরা চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষা করছেন তাঁদের উদ্দেশ্যে বলবো খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না। কয়েক মাসের মধ্যেই মুক্তি দিয়ে দেবো।’ এদিকে সাইফ চন্দন পরিচালিত আব্বাস-এর মুক্তি কবে তা এখনো নিশ্চিত না। ২০১৭ সালে নিরব ও সোহানা সাবাকে নিয়ে শুরু হলেও এটির শুটিং চলে গত রমজান মাস পর্যন্ত। এতে আরো অভিনয় করেছেন অ্যালেকজান্ডার বো, ডন, ইলোরা গওহর, সমাপ্তি মাসুক, জয় রাজ, সূচনা আজাদ, তাসনিয়া, নুসরাত পাপিয়া, শিমুল খান প্রমুখ। নির্মাতা চন্দন বলেন, ‘একেবারে মৌলিক গল্পে আব্বাস বানিয়েছি। একটা মৌলিক গল্প নিয়ে কাজ করতে গেলে নানা প্রতিবন্ধকতায় পড়তে হয়। সেগুলো ওভারকাম করতে গেলে সময়ের প্রয়োজন হয়। ফাইনালি পুরো কাজ শেষ করলাম। ছাড়পত্রও পেল। শিগগিরই আব্বাস মুক্তির তারিখ জানাবো।’ মে মাসের শেষে ছাড়পত্র পায় আনিসুর রহমান মিলন, আশিক চৌধুরী ও পায়েল অভিনীত ইন্দুবালা। ছবির নির্মাতা জয় সরকার বলেন, ‘আগেই বলেছিলাম ঈদের পরই সারাদেশে মুক্তি দেওয়া হবে। আমরা একটা ভালো তারিখ খুঁজছি। ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। ছবিটি দেখে সেন্সর বোর্ডের সদস্যরাও প্রশংসা করেছেন। দর্শকদেরও পছন্দের ছবি হবে এটি।’

এদিকে এই ঈদের আগে শাহেনশাহ ছবির টিজার প্রকাশিত হলেও মুক্তি নিয়ে কোনো কানাঘুষা নেই। টিজারজুড়ে মারামারি, গোলাগুলি আর অ্যাকশন দৃশ্য দর্শকদের মন কেড়েছিল। ছবিতে শাকিবের বিপরীতে আছেন নুসরাত ফারিয়া ও নবাগতা রোদেলা জান্নাত।