ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এক মাসের জন্য ভারতে মাছ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া। গতকাল বুধবার বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া।
আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক সমিতি সূত্রে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতি দিন ৫০ থেকে ৬০ টন মাছ ভারতের ত্রিপুরা রাজ্যসহ আশপাশের সাতটি রাজ্যে রপ্তানি হয়। প্রতি কেজি মাছের রপ্তানিমূল্য আড়াই মার্কিন ডলার। প্রতিদিন গড়ে ১ লাখ ডলারের মাছ রপ্তানি হয়। তবে ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি আমদানিকৃত মাছের মান যাচাই করার প্রয়োজনীয় সরঞ্জাম এবং জনবল না থাকায় মাছ আমদানি বন্ধ রাখার জন্য বলেন সেখানকার ব্যবসায়ীদের। এর ফলে গতকাল বুধবার থেকে এক মাসের জন্য মাছ রপ্তানি বন্ধ থাকবে। এতে করে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি সরকারও কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হবে। পাশাপাশি বন্দরের রপ্তানি-বাণিজ্য আরো বেশি সংকুচিত হয়ে পড়বে।
আখাউড়া স্থলবন্দরের মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, আমাদের বন্দরটি প্রায় শত ভাগ রপ্তানিমুখী। এই বন্দর দিয়ে যেসব পণ্য রপ্তানি হয় তার সিংহভাগই মাছ। হঠাৎ করে ভারত সরকারের এই বন্ধের সিদ্ধান্তের কারণে বাংলাদেশের মৎস্য ব্যবসায়ীরা বেশ লোকসানে পড়বেন। পাশাপাশি বাংলাদেশ সরকারও কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হবে। আখাউড়া স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট মো. সামাউল ইসলাম জানান, চিঠির মাধ্যমে মাছ আমদানি বন্ধের বিষয়টি ভারত থেকে বাংলাদেশের ব্যবসায়ীদের জানানো হয়েছে। তবে যেহেতু স্থলবন্দর দিয়ে মাছের ট্রাক থেকে শুল্ক আদায় হয় বেশি, সেজন্য মাছ রপ্তানি বন্ধের ফলে বন্দরের আয়ে ভাটা পড়বে।