ক্রাইস্টচার্চ হামলার ভিডিও শেয়ার করায় ২১ মাসের কারাদণ্ড

বিবিসি

ক্রাইস্টচার্চে দুই মসজিদে নির্বিচারে গুলি চালানোর ঘটনার লাইভস্ট্রিম ভিডিও শেয়ার করায় নিউজিল্যান্ডের এক নাগরিককে ২১ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ফিলিপ আর্পস নামের এই ব্যক্তি ওই হামলার ভিডিওটি এক বন্ধুসহ ৩১ জনকে পাঠিয়েছিলেন।

বন্ধুকে ভিডিওটি পাঠিয়ে ‘খুনের সংখ্যা’ যোগ করে হালকা পরিবর্তন আনতেও অনুরোধ করেছিলেন আর্পস। ৪৪ বছর বয়সি এ ব্যবসায়ীর মুসলিম সম্প্রদায়ের প্রতি অন্যায়ের ক্ষেত্রে কোনো ধরনের অনুশোচনা হতো না বলে জানিয়েছেন ক্রাইস্টচার্চ ডিস্ট্রিক্ট আদালতের বিচারক স্টিভেন ও’ড্রিসকল। তিন মাস আগে ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় দুইটি মসজিদে এক বন্দুকধারীর নির্বিচার ?গুলিবর্ষণের ঘটনায় মোট ৫১ জন নিহত হয়েছিল। ঐ ঘটনাটির লাইভস্ট্রিম ভিডিওর সঙ্গে ‘ক্রস হেয়ার’ চিহ্ন ও ‘খুনের সংখ্যা’ যোগ করা একটি পরিবর্তিত ভিডিও শেয়ারের ইচ্ছাও আর্পসের ছিল বলে মামলার শুনানিতে জানা গেছে। পরিবর্তিত ওই ভিডিওটিকে আর্পস ‘চমত্কার’ হিসেবে বর্ণনা করেছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউজিল্যান্ড হেরাল্ড। আর্পসের কর্মকাণ্ডকে ‘বিদ্বেষমূলক অপরাধ’ বলে অ্যাখ্যা দিয়েছেন বিচারক ও’ড্রিসকল। তিনি মসজিদে হামলার পর আর্পসের ওই ভিডিও শেয়ারকে ‘নিষ্ঠুর’ কাণ্ড হিসেবে অভিহিত করেছেন।