বালিয়াকান্দিতে অস্ত্র-গুলি উদ্ধার

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা

বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজার সিকদার মার্কেট সংলগ্ন লেদ ব্যবসায়ী মতিন মন্ডলের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, বিদেশি চাকু, মোবাইল ফোন, একটি নম্বরবিহীন মোটরসাইকেল ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

মতিন মন্ডল কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের কয়ারাদি গ্রামের মৃত ছলিম মন্ডলের ছেলে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মতিন মন্ডলসহ আরো দুইজন পালিয়ে যায়। মতিন মন্ডলের বেডরুমের খাটের উপর থেকে একটি বিদেশি পিস্তুল, এক রাউন্ড গুলি, বিদেশি চাকু, মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

ওসি আরো বলেন, মতিন মন্ডলসহ তার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত আছে।