কালুপাড়া প্রাথমিক বিদ্যালয়

ঝুঁকিপূর্ণ কক্ষে পাঠদান আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা  

ধামইরহাটের কালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ কক্ষে চলছে পাঠদান। বিদ্যালয়ের ওই কক্ষের ছাদের বিম ফেটে গেছে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুঘর্টনা।

১৯১৪ সালে কালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। ১৯৯৩-৯৪ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর থেকে চার কক্ষবিশিষ্ট ভবনের জন্য বরাদ্দ পাওয়ার পর নির্মাণ করা হয় ভবনটি। গত ২-৩ বছর আগে ভবনের তিনটি কক্ষের ছাদের বিম, ছাদ ও ওয়ালে ফাটল ধরে।

ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আয়শা আক্তার বলেন, আমরা ঝুঁকিপূর্ণ কক্ষে পাঠ গ্রহণ করছি। দ্রুত এ সমস্যা সমাধান না হলে যে কোনো মুহূর্তে দুঘর্টনা ঘটতে পারে।

কালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন নাহার জানান, বিদ্যালয়ে প্রতিদিন ১৫০ জন শিক্ষার্থী পাঠ গ্রহণ করছে। প্রতিনিয়ত শিক্ষার্থীরা বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ কক্ষে পাঠ গ্রহণ করতে বাধ্য হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, ভবনের তিনটি ছাদের বিম, ছাদ ও ওয়ালে ফাটল ধরেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা রইচ উদ্দিন জানান, যদি এ সমস্যা সমাধান না করা হয় তাহলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পাড়ে।

ধামইরহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, এসব সমস্যার কারণে ইতোমধ্যেই ৩৫টি বিদ্যালয়ের তালিকা নিয়েছি। যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন পাঠিয়েছি।