চট্টগ্রামে পাঁচলাইশ পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দুদক টিম

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামের পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দালালদের উপস্থিতি ও দৌরাত্ম্যের ‘প্রাথমিক প্রমাণ’ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে প্রাথমিক প্রতিবেদন জমা দিয়ে তদন্তসহ পরবর্তী কার্যক্রম পরিচালনায় কমিশনের কাছে অনুমোদন চাওয়া হবে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার সকালে পাঁচলাইশের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে ছদ্মবেশে অভিযানে যায় দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এর তিন সদস্যের একটি দল। নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক জাফর আহমেদ।

প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করে দালালদের দৌরাত্ম্য এবং গ্রাহক ভোগান্তির বিভিন্ন তথ্য সংগ্রহ করেন দুদক কর্মকর্তারা। এসময় পাসপোর্ট ফরম পূরণ ও জমা দেওয়ার জন্য গ্রাহকদের কাছ থেকে দালালদের টাকা আদায়, দালালদের দেওয়া সাংকেতিক চিহ্ন ছাড়া ফরম জমা নিতে গ্রাহকদের হয়রানি এবং ঝামেলা এড়ানোর প্রলোভন দেখিয়ে ফরম সংগ্রহ, পূরণ ও জমা দিতে টাকা গ্রহণের ঘটনা দেখতে পান দুদক কর্মকর্তারা।

দুদক সূত্র জানায়, দুদকের হটলাইন ১০৬ নম্বরে ফোন করে অভিযোগ পাওয়া যায় দালালদের দৌরাত্মের কারণে পাসপোর্ট করতে ভোগান্তি হচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে গতকাল ছদ্মবেশে অভিযান চালানো হয়।  এদিকে পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের একটি সূত্র জানায়, দুদকের একজন সহকারী পরিচালকের নেতৃত্বে একটি দল এসেছিল। তাদের সবকিছু ঘুরিয়ে দেখানো হয়েছে।