বেলজিয়ামের রানি ঢাকায় আসছেন আজ 

তিন দিনের সফরে ঢাকায় আসছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অ্যাডভোকেট (দূত) হিসেবে বাংলাদেশ সফরে আসছেন তিনি।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় পৌঁছাবেন রানি মাথিল্ডে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

rani copy

তিনি জানান, বেলজিয়ামের কোনো রানির এটিই প্রথম বাংলাদেশ সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৬ থেকে ৮ ফেব্রুয়ারি বাংলাদেশে অবস্থান করবেন বেলজিয়ামের রানি। এ সময় তিনি রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তার সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হবে।