ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতকের সুরমা নদীর তীরে ইছাকলস-গোড়াখাল এলাকায় বালু-পাথরের ডাম্পিং সাইডের মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত ৯ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। গতকাল মঙ্গলবার দুপুরে বালু-পাথরের ডাম্পিং সাইডে ইছাকলস গ্রামের রজব আলীর পুত্র জামাল মিয়া ও আব্দুল আহাদের পুত্র নজরুল মিয়া পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুরমা নদীর পাড় সংলগ্ন ডাম্পিং সাইডে জামাল মিয়া বালু রাখতে গেলে প্রতিপক্ষ নজরুল মিয়া এতে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের লোকজন এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের মহিলা-শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়। গুরুতর আহত এনামুল হক (৩৭), আলাউদ্দিন (৭০), ইকবাল মিয়া (২৬) জাহিদ হোসেন (২৫), আম্বিয়া বেগম (২৬), জাকির হোসেন (২২), নাজিম উদ্দিন (১৫), চেরাগ আলী (৫০), জাবির হোসেনকে (২৬) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যকে ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিত্সা দেওয়া হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।