গজারিয়ায় যৌতুক দাবি করায় বরযাত্রীর ওপর হামলা

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিয়ের দিন যৌতুক দাবি করায় বরযাত্রীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরসহ বরযাত্রীর ১০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গজারিয়া উপজেলার ভবেরচর লক্ষীপুর গ্রামে। 

এলাকাবাসী ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাতে লক্ষীপুর দক্ষিণপাড়া গ্রামের মো. আবু বকর সিদ্দিকের মেয়ে মোসা. হুমাইয়ারা আক্তারের সঙ্গে একই গ্রামের (উত্তর পাড়া) মৃত বারেক মিয়ার ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত মো. রাসেল মিয়ার বিবাহের দিন ধার্য ছিলো। 

খাওয়া দাওয়া শেষে বিয়ে পড়ানোর সময় বর পক্ষের লোকজন যৌতুক হিসেবে পাঁচ ভরি স্বর্ণ ও এগারো প্রকার আসবারপত্র ও ৫লাখ টাকা দাবি করে। তখন কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে কনের বাবা বরের দাবিকৃত যৌতুক দিতে অস্বীকৃতি জানালে বর ও বরের বোন বিয়ে হবে না বলে জানায়। 

এ সময় বরযাত্রীর সবাই চলে যেতে চাইলে কনে পক্ষ বাধা দেয়। তখন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষে ১০জন আহত হয়। 

পরে থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে কনের বাবা বাদী হয়ে ৩জনকে আসামি করে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

বিষয়টি নিয়ে ভবেরচর ইউনিয়ন চেয়ারম্যান সাঈদ মোহাম্মদ লিটন বলেন, ঘটনাটি আমি অবগত। তবে বিষটি নিন্দনীয়। উভয় পক্ষকে নিয়ে মীমাংসা করার চেষ্টা করা হচ্ছে। যেনো বিয়েটি সম্পূর্ণ করা যায়।

আরও পড়ুন: রায়পুরায় ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, একটি অভিযোগ পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/নূহু