ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারের মো. আবু সাঈদ (৪৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোরে কারাগারে অসুস্থ হয়ে পড়েন ওই কয়েদি। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সকাল ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারারক্ষী জুয়েল তালুকদার গণমাধ্যমকে বলেন, ভোরের দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন মো. আবু সাঈদ। পরে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তবে মৃত হাফেজ মিয়ার ছেলে আবু সাঈদ কোন মামলায় সাজা ভোগ করছিলেন এ বিষয়ে তেমন কিছু জানাতে পারেননি ওই কারারক্ষী।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।