নওগাঁয় পাটখেত থেকে দুই যুবকের লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট উপজেলার একটি পাটখেত থেকে অর্ধগলিত দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়নের পরানপুর গ্রামের পাটখেত থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর গ্রামের জাকির হোসেন (২২) ও রিমন হোসেন (২০)।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, পাঁচ দিন আগে নিহতরা ব্যাটারিচালিত চার্জার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। এরপর থেকে তারা আর বাড়ি ফেরেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাদের হত্যা করে চার্জারটি নিয়ে গেছে। এরপর পরানপুর গ্রামের আমজাদ হোসেনের পাটখেতে লাশ ফেলে পালিয়ে যায়। শিয়ালে লাশ ক্ষত-বিক্ষত করেছে।

ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় পৃথক মামলা হয়েছে।