পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর মরিচবুনিয়া এলাকায় সোমবার রাতে যৌতুকের কারণে ফারজানা বেগম নামে এক গৃহবধূকে (২২) হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে স্বামী রফুিকল আকনসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক।
নিহতের চাচা সানু মৃধা জানান, পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া গ্রামের রফিকুল আকনের সঙ্গে দুই বছর আগে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ফারজানার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্বামী ও স্ত্রীর মধ্যে কলহ চলছিল। গত ১৬ জুন ফারজানার বাবার বাড়িতে বসে ৫০ হাজার টাকা যৌতুকের জন্য দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রফিক ক্ষুব্ধ হয়ে ফারজানাকে নিয়ে তার নিজের বাড়িতে চলে আসে। যৌতুক নিয়ে সোমবার রাতেও রফিক ফারজানাকে বেদম প্রহার করে। পরে স্থানীয় গ্রাম পুলিশ রুহুল আমিন ফারজানার বাবার পরিবারকে জানায়, ফারজানা বেঁচে নাই। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
পটুয়াখালী সদর থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গলায় আঘাতের চিহ্নে বোঝা যায় শ্বাসরোধ করে ফারজানাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।