গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের যে সীমানা ছিল সেটিকে বহাল রেখে খসড়া প্রকাশ করতে যাচ্ছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। খসড়া সীমানায় শুধুমাত্র প্রশাসনিক বিন্যাস করে দ্রুত প্রকাশ করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। খসড়ার ওপর আগামী মার্চে দাবি-আপত্তি গ্রহণ করে জুনে চূড়ান্ত করা হবে। গতকাল কমিশনের ১৪তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে মঙ্গলবার নির্বাচন ভবনে বর্তমান কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনগুলোর সীমানার খসড়া প্রকাশ করা হবে আগামী সপ্তাহে। এরপর দাবি-আপত্তি নিয়ে তা চূড়ান্ত করা হবে। গত জাতীয় সংসদ নির্বাচনের সময় সীমানা যে ছিল তা নিয়ে খসড়া প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিতে দাবি-আপত্তির জন্য একটা সময় নির্ধারণ করা হবে। ঐ সময়ের মধ্যে যেসব দাবি-আপত্তি উত্থাপিত হবে, ইতিমধ্যে অনেকেই নিজ উদ্যোগে যেসব আবেদন দিয়েছেন সেসব আবেদন, আবেদনের সংখ্যা প্রায় ২০ থেকে ২৫টি, এ আবেদনসমূহ ও ঐ নির্দিষ্ট সময়ের মধ্যে যেসব আবেদন পড়বে সেগুলো নিয়ে শুনানি অন্তে বিধিবিধানের আলোকে আমাদের চূড়ান্ত বিভক্তি এলাকা ঘোষণা করা হবে।
সংসদীয় আসনে কাটাছেঁড়া হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি হবে মূলত প্রাপ্ত আবেদনের সংখ্যার ওপর নির্ভর করে। কারণ আমরা আগে খসড়া প্রকাশ করব। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে যে আবেদনগুলো আসবে সেই আপত্তি এবং ইতিমধ্যে নিজ থেকে যে আবেদনগুলো পড়েছে সেগুলো শুনানি অন্তে আমরা বলতে পারব আসলে কয়টায় কী হয়েছে।
অন্য এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, দ্বাদশ নির্বাচনের পূর্ববর্তী সময়ে যেভাবে সীমানা নির্ধারণ করা হয়েছে সেই পদ্ধতি অনুসরণ করে অর্থাৎ এখন যেটা আছে সেটা দিয়েই আমরা খসড়া প্রকাশ করব। এরপর কারো যদি কোনো আপত্তি থাকে সেই আপত্তি দাখিল করবে। এছাড়া ইতিমধ্যে আমরা ২৫টি আবেদন পেয়েছি। এগুলোসহ শুনানি হবে। এরপর চূড়ান্ত হবে কয়টা আসনের সীমানা পরিবর্তন হচ্ছে।
এদিকে, ইসি সচিব আগামী সপ্তাহে সংসদীয় আসনের খসড়া প্রকাশের কথা বললেও তা আগামী মার্চের প্রথম সপ্তাহে প্রকাশ করা হতে পারে। কেননা খসড়া প্রকাশের আগে কোথাও কোনো প্রশাসনিক জটিলতা থাকলে তা বিন্যাস করা হবে। এজন্য একটু সময় লাগতে পারে।