বন্দর নগরী চট্টগ্রামের জনসংখ্যা কাগজে কলমে এখন প্রায় এক কোটি। বিশাল এই জনগোষ্ঠীর আতঙ্কের এক নাম জলাবদ্ধতা। বর্ষাকাল এলেই জলাবদ্ধতার কারণে জনসাধারণের দুর্ভোগের মাত্রা বেড়ে যায়। এক পশলা বৃষ্টি হলেই ডুবে যায় শহরের অলিগলি। পানির কারণে চলাফেরা করা দুষ্কর হয়ে পড়ে। দুর্ভোগ কমাতে প্রায় সময় বর্ষার আগে নেওয়া হয় নানা ধরনের পদক্ষেপ। কিন্তু শান্তি মেলে না শহরের রাস্তাগুলোর কাছ থেকে। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) খালগুলো সংস্কারে ক্রাশ প্রোগ্রাম চালু করলেও জলবদ্ধতা নিরসন তা কতোটা সহায়ক হবে, সে প্রশ্ন থেকেই যায়। যততত্র আবর্জনা ফেলার কারণে খুব অল্প সময়েই ভরাট হয়ে যায় নগরীর খালগুলো। এদিকে খালের ময়লা পানির কারণে বেড়ে যায় মশার উত্পাত এবং পানিবাহিত নানা রোগ। পানি সময়মতো সরে যেতে না পারায় সৃষ্টি হয় জলাবদ্ধতার। শহরের বুকে নেমে আসা এ দুর্ভোগ ঘোচাতে যথাযথ পরিকল্পনার পাশাপাশি জনসচেতনতাও গড়ে তুলতে হবে। এ ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করছি।
জাহিদ হাসান, চট্টগ্রাম