বরিশাল সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের মওলানা ভাসানী সড়ক দিয়ে এগোলেই মুক্তিযোদ্ধা সোহরাব খান হাউজিং। এখানে অনেকগুলো বহুতল ভবন নির্মিত হয়েছে এবং চলছে অনেকগুলোর নির্মাণকাজ। এখানে হাজারের ওপর মানুষের বসবাস। বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এখানে বাসা ভাড়া নিয়ে থাকে। দুঃখের ব্যাপার হলো, রূপাতলী প্রধান সড়ক থেকে এই হাউজিংয়ে আসার রাস্তাটি দীর্ঘ তিন বছর ধরে দুর্দশাগ্রস্ত এবং পুরো বর্ষার মৌসুমে দুই থেকে তিন মাস পানির নিচে ডুবে থাকে। বৃষ্টির পানি ও বাসাবাড়ির ব্যবহূত পানি নেমে যওয়ার জন্য কোনো ড্রেন না থাকাই এর কারণ। রাস্তাটি অনেক নিচু এবং খানাখন্দকে ভরা। এটি শুধু সোহরাব খান হাউজিংয়ের প্রবেশপথই নয়, রূপাতলী ও টিয়াখালীর সংযোগ সড়কও। বর্ষা মৌসুমে পানি জমে থাকার কারণে এলাকার বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয় মাসের মাসের পর। নোংরা দুর্গন্ধযুক্ত পানিতে বন্দি হয়ে থাকতে হয় সবাইকে, সঙ্গে আছে সাপের উপদ্রবও। নোংরা পানি মাড়িয়ে প্রতিদিন হাজারো মানুষকে তাদের দৈনন্দিন কাজকর্ম সারতে হয়। রাতের বেলা চলাচল করা আরো বিপজ্জনক। এলাকাবাসীর এই দুর্ভোগ ঘোচাতে সিটি করপোরেশনের মাননীয় মেয়র মাননীয় মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
মুহাম্মদ আবু তালহা
অনার্স তৃতীয় বর্ষ, লোক প্রশাসন বিভাগ,
বরিশাল বিশ্ববিদ্যালয়