শ্রমিক-কর্মচারী ও সাংবাদিকদের নির্বিচারে ছাঁটাই বন্ধ ও ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়ন করুন

বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের (প্রেস ফেডারেশন) যৌথ উদ্যোগে এক জরুরি বৈঠক মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় হাটখোলা রোডেকর্মচারী ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের (প্রেস ফেডারেশন) সভাপতি মো. আলমগীর হোসেন খান। সভা পরিচালনা করেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার।

সভায় নেতৃবৃন্দ বলেন, বর্তমানে সংবাদপত্রশিল্পে নৈরাজ্য বিরাজ করছে। বিভিন্ন সংবাদপত্রে শ্রমিক-কর্মচারী ও সাংবাদিকদের নির্বিচারে ছাঁটাই অনতিবিলম্বে বন্ধ করতে হবে, ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়ন করতে হবে এবং বকেয়া বেতন-ভাতা প্রদান করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, যে সব শ্রমিক-কর্মচারী ও সাংবাদিককে স্থায়ী চাকরি থেকে অস্থায়ী করা হয়েছে, তাদের চাকরি পুনরায় স্থায়ী করতে হবে। ছাঁটাইকৃত শ্রমিক-কর্মচারী ও সাংবাদিকদের পাওনা অনতিবিলম্বে পরিশোধ করতে হবে। অস্থায়ীভিত্তিতে কোনো শ্রমিক-কর্মচারী ও সাংবাদিক নিয়োগ করা যাবে না এবং অস্থায়ী সব শ্রমিক-কর্মচারী সাংবাদিককে ওয়েজবোর্ড অনুসারে স্থায়ী করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শতভাগ মহার্ঘভাতা প্রদান করতে হবে।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সিনিয়র সহসভাপতি মো. বজলুর রহমান মিলন, মহাসচিব মো. খায়রুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. তানভীর হোসাইন, প্রেস ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মো. শামীম চৌধুরী, মহাসচিব মো. কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ মো. তাজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মুমিনুল হক প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি