পাঁচ ইউএনওকে দুদকের চিঠি

ইত্তেফাক রিপোর্ট

অনিয়ম-দুর্নীতি-হয়রানি বন্ধে পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের পক্ষ থেকে এসব চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

দুদক সূত্র জানায়, সরকারি জমি দখল করে দোকান নির্মাণ করার অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক ঈদের চাল বিতরণের জন্য কার্ড প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগ খতিয়ে দেখতে খুলনার রূপসার উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঘুষ গ্রহণের মাধ্যমে বিদ্যালয় অবৈধ নিয়োগ প্রদানের অভিযোগ খতিয়ে দেখতে ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি গুদামে চাল প্রদানের প্রত্যয়নদানে অনিয়মের অভিযোগের বিষয়ে মাগুরার মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সরকারি রাস্তা অবৈধভাবে দখল করে গৃহনির্মাণের অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এসব চিঠি পাঠানো হয়েছে।