সংসদে প্রশ্নোত্তরে মত্স্য প্রতিমন্ত্রী
ইত্তেফাক রিপোর্ট
মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু সংসদকে জানিয়েছেন, গত দেড় দশকে দেশে ইলিশের উত্পাদন আড়াই গুণের বেশি (বা ১৫৯ দশমিক ৭৬ শতাংশ) বেড়েছে। ২০০২-০৩ অর্থবছরে যেখানে ইলিশের উত্পাদন ছিল এক লাখ ৯৯ হাজার ৩২ টন, ২০১৭-১৮ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় পাঁচ লাখ ১৭ হাজার টনে। আগামী পাঁচ বছরে ইলিশের উত্পাদন পাঁচ লাখ ৫০ হাজার টন ছাড়িয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। গতকাল মঙ্গলবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য দেন।
জাটকা ধরা নিষিদ্ধকরণ, প্রজননের সময় ইলিশ ধরা বন্ধসহ সরকারের নানামুখী পদক্ষেপে ইলিশের উত্পাদন বেড়েছে বলে জানান তিনি।
ফরিদপুর-১০ আসনের মনজুর হোসেনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশে ২০১৭-১৮ অর্থবছরে ৩৮ হাজার ৫৭১ টন শুঁটকি উত্পাদিত হয়েছে। এর মধ্যে সামুদ্রিক শুঁটকির পরিমাণ ২৯ হাজার ৮২ টন, যা দেশের উত্পাদিত মোট শুঁটকির প্রায় ৭৫ শতাংশ।