অপরাধী চক্রের কাছে অবৈধ জ্যামার বিক্রি, গ্রেফতার ৫

রাজধানীর বংশাল এলাকা থেকে পাঁচ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অবৈধ জ্যামার, রিপিটার ও নেটওয়ার্ক বুস্টারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। 

গতকাল বৃহস্পতিবার র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব এ তথ্য জানান। 

তিনি বলেন, রাজধানীর বংশাল থানার বসুন্ধরা স্কয়ার মার্কেট এলাকায় অভিযান চালায় র‌্যাব-১০ ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)। এ সময় আসলাম, ইউনুছ আলী, সোহেল হোসেন, সাফওয়ান ও হৃদয়কে গ্রেফতার করা হয়।

এনায়েত কবীর সোয়েব বলেন, গ্রেফতারের সময় তাদের থেকে অবৈধ জ্যামার ও নেটওয়ার্ক বুস্টার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চারটি মোবাইল ট্রি ব্যান্ড রিপিটার, একটি মোবাইল জিএসএম থ্রিজি ইয়োলো রিপিটার, একটি জিএসএম এমএইচজেড রিপিটার, ছয়টি ইনডোর এন্টিনা, পাঁচটি আউটডোর অ্যান্টেনা, ছয়টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন ধরে অসৎ উদ্দেশ্যে অবৈধ জ্যামার, বুস্টার ও রিপিটারসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি অপরাধ চক্রের সদস্যদের কাছে বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।