ঢাকায় যোগ দিবস উদ্যাপনে ভারতীয় হাইকমিশনের ব্যাপক আয়োজন

ইত্তেফাক রিপোর্ট

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। এ উপলক্ষে ঢাকায় ভারতীয় হাই কমিশন সকাল ৬টা-৮টা পর্যন্ত ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে যোগ প্রদর্শন এবং গণ যোগাভ্যাস অনুষ্ঠিত হবে। গতকাল ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন। সেই বছরের ১১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করে। আন্তর্জাতিক যোগ দিবস পালন করতে ভারতের এই প্রস্তাবটি ১৭৫টি সদস্য রাষ্ট্রের সমর্থন লাভ করে। জাতিসংঘের কোনো প্রস্তাবের প্রতি এটিই ছিল সর্বোচ্চ সংখ্যক রাষ্ট্রের সমর্থন দেওয়ার রেকর্ড।

২০১৫ সাল থেকে বাংলাদেশে আন্তর্জাতিক যোগ দিবস বড় আকারে পালিত হয়ে আসছে। ২০১৮ সালে ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আনুমানিক ১০ হাজার যোগাভ্যাসকারীর সমাগম হয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এবারের অনুষ্ঠানটি অন্যবারের মতো সবার জন্য উন্মুক্ত। সকল অংশগ্রহণকারীকে বিনামূল্যে (আগে আসলে আগে পাবেন ভিত্তিতে) যোগ ম্যাট, টি-শার্ট এবং পানির বোতল দেওয়া হবে।