যশোরে পিকনিক বাস উল্টে নিহত ২, আহত ৩৯

যশোরের কাশিয়ানির ভাটিয়াপাড়ায় একটি পিকনিক বাস উল্টে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩৯ জন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়ক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিদ্যালয়ের ল্যাব সহকারী সুদিপ্ত বিশ্বাস ও বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক বিদুৎ কুমার বিশ্বাস।

হতাহত সবাই যশোরের বাঘারপাড়া বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা।

বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ কুমার পাল জানান, বৃহস্পতিবার সকালে তিনটি বাসে করে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পিকনিকে যায় দুই শতাধিক শিক্ষার্থী শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির লোকজন ও অফিস স্টাফরা। সারাদিন গোপালগঞ্জের বিভিন্ন স্থান ঘুরে সন্ধ্যার বাস তিনটি ফেরার পথে গোপালগঞ্জের কাশিয়ানি বাটিয়াপাড়া মোড়ে দ্বিতীয় বাসটি প্রথম বাসটিকে ওভারটেক করতে যেয়ে দ্বিতীয় বাসটি দুর্ঘটনায় পড়ে। মেইন সড়ক থেকে বাসটি উল্টে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসে থাকা এক শিক্ষার্থীর অভিভাবক বিদুৎ কুমার বিশ্বাস ঘটনাস্থলে মারা যান। এছাড়া গুরুতর আহত হন আরও ৪০ জন। এদের মধ্যে সুদিপ্ত বিশ্বাস হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আহতরা গোপালগঞ্জের কাশিয়ানি স্বাস্থ্য কমপ্লেক্সে, ফরিদপুর ও যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যশোর জেনারেল হাসাপাতারের ডা. আখতারুজ্জামান জানান, যশোর জেনারেল হাসাপাতালে ১৫ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। বাকি একজন ঘটনাস্থলেই মারা গেছেন। ১৫ জন আহতের মধ্যে ৩ জনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।