প্রতি বছরের ন্যায় এবারও দরিদ্র ও অসহায় মানুষদের আর্থিকসহ বিভিন্ন সহায়তা কার্যক্রম ও ২-দিনব্যাপী নানা আয়োজন ও আনুষ্ঠানিকতায় উদযাপন করা করা হলো শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ডে-২০২৩। এছাড়াও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ ইমামুল কবীর শান্ত এর জন্মদিন উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আহসানুল কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও বিশেষ অতিথি চিত্র শিল্পী হাসেম খান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ প্রফেসর শামসুন নাহার, সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শেখ তানভীর আহমেদ রনি’সহ শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়, ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিঃসহ অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
গত ৯ ফেব্রুয়ারী, ২০২৩ শান্ত-মারিয়াম একাডেমি অফ ক্রিয়েটিভ টেকনোলজির ক্ষুদে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হওয়া ২দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপনী দিন (১১ ফেব্রুয়ারী, ২০২৩) সকালে বনানী কবরস্থানে মরহুমের সমাধিতে পুস্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে রক্তদান কর্মসূচি ও ইমামুল কবীর শান্ত এর বর্ণাঢ্য কর্মজীবনের উপর আলোচনা, স্মৃতিচারণ ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া আয়োজন এবং বিকেলে উত্তরার জমজম কনভেনশন সেন্টারে দোয়া, আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ ইমামুল কবীর শান্ত এর ছাত্র জীবন থেকে শুরু করে মাত্র ১৭ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও যুদ্ধ শেষে ধ্বংসপ্রায় দেশের উন্নয়ন কল্পে কর্মমূখী শিক্ষার বাস্তবায়ন ও ব্যবসা বানিজ্য প্রসারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিসহ তার বিভিন্ন অবদান সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ন আলোচনায় অংশ নেন উপস্থিত অতিথিবৃন্দ।