বচসার পর বন্ধুর গুলিতে নিহত সাবেক ফুটবলার

কখন কার মৃত্যু কীভাবে আসে বলা যায় না! অস্ট্রিয়ার সাবেক ফুটবলার ভলকান কাহরামানের কথাই ধরুন। রাজধানী ভিয়ের একটি নামিদামি বারের বাইরে রাস্তায় দাঁড়িয়ে পুরোনো এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন। কথা বলার কিছুক্ষণের মধ্যেই কোনো একটা বিষয় নিয়ে তারা তর্কে জড়িয়ে পড়েন।

তর্কাতর্কির মধ্যেই হঠাৎ মাথা গরম করে নিজের সঙ্গে থাকা বন্দুক বের করে বুকে গুলি চালিয়ে বসেন তার ঐ সাবেক ব্যবসায়ী বন্ধু। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন ভলকান কাহরামান। পরে রাস্তার লোকজন তাকে দ্রুতই হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা চেষ্টা করেও ৪৩ বছর বয়সী ভলকান কাহরামানকে বাঁচাতে পারেননি।

একটু আগেও যিনি সর্বোচ্চ শক্তিতে বন্ধুর সঙ্গে তুমুল ঝগড়ায় লিপ্ত ছিলেন, মুহূর্তেই সে হয়ে লাশ! প্রকাশ্য দিবালোকে ভিয়েনার ব্যস্ত রাস্তায় বন্ধুকে গুলি করে হত্যার পর ঐ বন্ধুটি নিজেকেও গুলি করার চেষ্টা করেন। পরে রাস্তার মানুষ ছুটে এসে তাকে নিবৃত করে।

নির্মম এই ঘটনাটি ঠিক কবে ঘটেছে, তা জানা যায়নি। খুনিকে গ্রেফতার করা হয়েছে কি না, সেটাও জানা যায়নি। তবে অস্ট্রিয়ার পুলিশ এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। 

ভিয়েনা পুলিশের মুখপাত্র ড্যানিয়েল ফুর্স্ট বলেছেন, ‘বেলা ১১.৪০ নাগাদ আমরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছাই। সব রকম চেষ্টা করেও ভলকানকে বাঁচানো যায়নি।’

অস্ট্রিয়া জাতীয় দলের হয়ে ৩টি ম্যাচ খেলা ভলকান কাহরামান ক্যারিয়ারে ডাচ ক্লাব ফেইনুর্দ, তুরস্কের ক্লাব ট্রাবজোনসপোরসহ অন্তত ১৫টি ক্লাবের হয়ে খেলেন।