তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা দ্বিগুণ বা তার বেশি হবে। বর্তমানে, মৃতের সংখ্যা ২৯ হাজার ঘোষণা করা হয়েছে। জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথসের বরাত দিয়ে এ তথ্য জানায় আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (১১ ফেব্রুয়ারি) তিনি সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর কাহরামানমারাসে পৌঁছান। এটি ছিল সোমবারের ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল। স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, 'আমি মনে করি, এটি সঠিকভাবে গণনা করা কঠিন। তবে আমি নিশ্চিত, এটি দ্বিগুণ বা তার বেশি হবে। আমরা আসলে মৃত গণনা শুরু করিনি।'
এদিকে কর্মকর্তা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তুরস্কে ২৪ হাজার ৬১৭ ও সিরিয়ায় ৩ হাজার ৫৭৪ জন মারা গেছেন। ঠাণ্ডা আবহাওয়া সত্ত্বেও হাজার হাজার উদ্ধারকর্মী এখনও তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রতিকূল আবহাওয়ার কারণে লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে অবর্ণনীয় অবস্থায় রয়েছেন।
তাদের জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা প্রয়োজন। জাতিসংঘ সতর্ক করেছে, তুরস্ক ও সিরিয়ায় অন্তত ৮ লাখ ৭০ হাজার মানুষের জরুরি ত্রাণ প্রয়োজন। শুধুমাত্র সিরিয়াতেই গৃহহীন হয়েছে ৫৩ লাখ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই শক্তিশালী ভূমিকম্পে ২ কোটি ৬০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।