টপ অর্ডারের দারুণ সাফল্যের কারণে ইদানিং প্রায়শ বড় ইনিংস খেলার সময়ই পাচ্ছেন না ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগ্যান। গতকাল সেই সুযোগটা পেলেন। আর সুযোগ পেয়েই আফগানিস্তানের বোলারদের ওপর ঝড় চালিয়ে খেললেন এক খ্যাপাটে ইনিংস। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে ১৭টি ছক্কা মারলেন মরগ্যান। আর এই ছক্কাবৃষ্টিতে ভর করে ৭১ বলে ১৪৮ রানের ইনিংস খেললেন তিনি।
অনেক রেকর্ড ভাঙ্গাগড়ার এই ম্যাচে আফগানিস্তানকে ১৫০ রানে হারিয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৯৭ রান তুলেছিল ইংল্যান্ড। জবাবে আফগানিস্তান ৮ উইকেটে ২৪৭ রান তুলতে পারে।
বিশাল রানের জবাব দিতে গিয়ে আফগানিস্তান ৪ রানে প্রথম উইকেট হারায়। এরপর গুলবাদিন নাইব ৩৭ ও রহমত শাহ ৪৬ রান করেন। প্রতিরোধ করেন হাসমাতউল্লাহ ও আজগর আফগানও। আজগর ৪৪ রান করে আউট হয়ে যান। তবে হাসমাতউল্লাহ আউট হওয়ার আগে ৭৬ রান করেন। এরপর বাকি ছিল কেবল ম্যাচের আনুষ্ঠানিকতা।
এর আগে ব্যাট করা ইংল্যান্ডের নিয়মিত ওপেনার জেসন রয় ইনজুরিতে এই ম্যাচে খেলতে পারেননি। তার বদলে ইনিংস শুরু করা জেমস ভিন্স ২৬ রান করে ফিরে আসেন। এরপর জনি বেয়ারস্টো ও জো রুট প্রথম বড় স্কোরের দিকে নিয়ে যান দলকে। ৯৯ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৯০ রান করে ফেরেন বেয়ারস্টো। এরপরই উইকেটে আসেন মরগ্যান।
রুটকে এক প্রান্তে সাক্ষী রেখে ঝড় শুরু করেন ইংলিশ অধিনায়ক। ৩৬ বলে করেন ফিফটি। পরের ২১ বলে সেঞ্চুরি করে ফেলেন। শেষ পর্যন্ত ৭১ বলে ১৪৮ রান করে ফেরেন মরগ্যান। এই ইনিংসে ৪টি মাত্র চার মেরেছেন। আর বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছক্কাতেই করেছেন শতাধিক রান। ১৭টি ছক্কা এক ইনিংসের বিশ্বরেকর্ড। এর আগে এক ইনিংসে ১৬টি ছক্কা মারার রেকর্ড ছিল রোহিত শর্মা, এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইলের।
রুট ৮৮ রান করে ফেরেন। মরগ্যান ও রুট ফেরার পর মঈন আলী ৯ বলে ৩১ রান করে ইংল্যান্ডের স্কোর ছোঁয়ার বাইরে নিয়ে যান।
এই ইনিংসে ৯ ওভারে ১১০ রান ব্যয় করেছেন রশীদ খান। বিশ্বকাপের ইতিহাসে এটা সবচেয়ে খরুচে বোলিং। আর ওয়ানডে ইতিহাসে এটা দ্বিতীয় সেরা খরুচে বোলিং।