আমার নিজের ওপর বিশ্বাস আছে, আমি সব জায়গায় পারব : শামিম

শামিম হোসেন পাটোয়ারি এই নামটা বাংলাদেশের ক্রিকেটে সম্ভাবনাময় এক তরুণ খেলোয়াড়ের। ২০১৯ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। সেই বিশ্বকাপের পর তার ব্যাটের সুইং এবং পাওয়ার হিটিং অ্যাবিলিটি নিয়ে চর্চা হয় ক্রিকেট পাড়ায়। তখন থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নজরে চলে আসেন তিনি। পেয়ে যান জাতীয় চলে খেলার সুযোগও। তবে কিছুদিন পরই নিজেকে মেলে ধরতে না পারার কারণে ছিটকে যেতে হয় দল থেকে। তবে আসা ছাড়েননি। চেষ্টা করে যাচ্ছেন ফিরে আসার। এদিকে এবারের বিপিএলে শামীম খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। পুরো টুর্নামেন্ট জুড়েই তিনি ফ্লপ। প্রথম পর্বের কোনো ম্যাচেই হাসেনি তার ব্যাট। তবুও গুরুত্বপূর্ণ ম্যাচে শামিমকে রংপুর খেলাল তিন নাম্বার পজিশনে। অফ ফর্মে থাকা শামিম ফর্মে ফিরলেন বড় ম্যাচেই। যখন তাকে দলের খুব প্রয়োজন ছিল। 

গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম অ্যালিমেনটরে ফরচুন বরিশালের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংসও খেলেন শামীম। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৪ চার ও সমান সংখ্যক ছক্কায় ৫১ বলে করেছেন ৭১ রান। এমন ইনিংস খেলার পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন শামীম। এসময় কেন হঠাৎ করে তার ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা হলো জানতে চাইলে শামিম বলেন, ‘কোচ আমাকে বলেছেন, আমি ৩ নম্বরে ব্যাটিং করব। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কারণে। যদি বাঁহাতি আউট হয় আমি নামব, ডানহাতি আউট হলে মেহেদি ভাই নামবে। এটাই ছিল। আসলে যেটা সত্যি কথা, আমি এরকমই (অ্যাগ্রেসিভ) ক্রিকেট খেলতে পছন্দ করি।’ 

তিনি আরো বলেন, ‘আমি কিন্তু ৭ বা ৮ নম্বরে ব্যাটিংয়ে নামি। ঐ সময়টা খেলা সহজ নয়। আমি যখনই নামি, চেষ্টা করি শেষ করে আসতে। আপনারা তো সবাই জানেন, ঐ জায়গাটায় সহজ নয় ফিনিশ করা।’ এসময় নিজের ওপর বিশ্বাস আছে জানিয়ে শামিম বলেন, ‘আসলে আমি সব জায়গার জন্যই রেডি থাকি সবসময়। আমার নিজের ওপর বিশ্বাস আছে, আমি সব জায়গায় পারব। আমি আপনাদেরকে বলি, আমি যে জায়গায় ব্যাটিং করি, আবারও বলতেছি, এত সহজ নয় ব্যাটিং করা। আমি মনে করি, আমাকে আরেকটু টাইম দিলে আরেকটু ভালো করতে পারতাম। (বড় বড় তারকাদের ছাপিয়ে নায়ক হওয়ার আগে নার্ভাস ছিলেন কি না) আসলে আমি এরকম চিন্তাই করি না। আমি সবসময় ইতিবাচক চিন্তা করি। আমি চেষ্টা করি, ইতিবাচকভাবে সব শট খেলার।’