কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হবিগঞ্জের নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে একযোগে ১৮টি কেন্দ্রে ১০৪টি কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত।
উপজেলার প্রথম নির্বাচন হওয়ায় প্রার্থী, সমর্থক ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। ফলে সকাল ৭টা থেকেই ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে পড়েন। এদিকে নির্বাচন নির্বিঘ্ন করতে প্রতিটি কেন্দ্রে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। অপরদিকে বিকেলে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আলী আহমেদ খান। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ জানান, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন সুষ্ঠু করতে সবগুলো কেন্দ্রেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইলে সে যেই হোক কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও বিপুল সংখ্যক র্যাব ও বিজিবিও দায়িত্ব পালন করে।
এদিকে নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আলী আহমেদ খান। শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, বিরামচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রশিদ তালুকদার ইকবালের সমর্থকরা ব্যাপক কারচুপি করেছে। তারা প্রচুর জাল ভোট দিয়েছে। এ সময় তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৪৫ হাজার ৬৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৬২১ এবং নারী ভোটার ২৩ হাজার ৪৫ জন। ১৮টি কেন্দ্রের ১০৪টি কক্ষে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন ৬ জন।
উল্লেখ্য, দেশের ৪৯২তম এবং সর্বশেষ প্রতিষ্ঠিত উপজেলা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ। দীর্ঘ প্রতিক্ষার পর ২০১৭ সালের ২০ নভেম্বর প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে ৪৯২তম উপজেলা হিসেবে শায়েস্তাগঞ্জকে অনুমোদন দেয়া হয়।
এর আগে ২০১৪ সালের ২৯ নভেম্বর এক জনসভায় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শায়েস্তাগঞ্জকে উপজেলায় রূপান্তরিত করার ঘোষণা দেন।
হবিগঞ্জের ৯টি উপজেলার মধ্যে ইতোমধ্যে আটটি উপজেলায় প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রশীদ তালুকদার ইকবাল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা নূরপুর ইউনিয়নে ৫ বারের চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল (আনারস) এবং আরেক স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) সাবেক ইউপি চেয়ারম্যান আলী আহমেদ খান (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন করে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ইত্তেফাক/আরকেজি