শনিবার বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘বিএসজেএ অ্যাওয়ার্ড নাইট ২০২৩’ অনুষ্ঠানে গত দশ বছরে দেশের ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য খেলোয়াড়, কোচ, রেফারি, সংগঠক, পৃষ্ঠপোষক ও অ্যাসোসিয়েশনের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ৪৬টি পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
২০১৩ সালে স্পোর্টস পারসন অব দ্য ইয়ার হন গলফার সিদ্দিকুর রহমান, ২০১৪ সালে শ্যুটার আব্দুল্লাহেল বাকি, ২০১৫ সালে ক্রিকেটার মোস্তাফিজুর রহমান, ২০১৬ সালে সাঁতারু মাহফুজা খাতুন শিলা, ২০১৭ সালে ক্রিকেটার সাকিব আল হাসান, ২০১৯ সালে আর্চার রোমান সানা, ২০২১ সালে আর্চার দিয়া সিদ্দিকী, ২০২২ সালে পারসন অব দ্য ইয়ার হন ক্রিকেটার লিটন দাস।
করোনাকালীন কিছু মানুষের সাহসী ভূমিকা বেশ আলোচিত হয়েছিল। এমন ৩ ব্যাক্তি ও এক প্রতিষ্ঠানকে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড দিয়েছে এই সংগঠন। ব্যক্তিরা হলেন—তামিম ইকবাল, আরিফা জাহান বিথী, সংগঠক আব্দুল গাফফার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়া বৈশ্বিক কোনো টুর্নামেন্টে প্রথম শিরোপা জেতা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়।