পেদ্রির একমাত্র গোলে ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগায় নিজেদের পেছনে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেলো বার্সেলোনা।
ভিয়ারিয়ালের মাঠ এস্তাদিও ডি লা সেরামিকায় বার্সেলোনার শুরুটা ভাল হয়নি। ২০১৯ সালের পর প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ে এগিয়ে যাওয়া কাতালান জায়ান্টদের অবশ্য শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি। ডিফেন্ডার রোনাল্ড আরাউজো ভিয়ারিয়ালের বেশ কিছু আক্রমণ একাই সামাল দিয়েছেন। একইসঙ্গে বারবার বল ছিনিয়ে নিয়ে বার্সেলোনাকে সুযোগ তৈরি করে দিয়েছেন। ডিফেন্ডারদের দৃঢ়তায় এবারের লিগে এই ম্যাচেও বার্সেলোনাকে কোন গোল হজম করতে হয়নি।
ম্যাচ শেষে আরাউজো বলেন, ‘বাস্তবতা হচ্ছে আমরা রক্ষণভাগে সত্যিকার অর্থেই কঠোর পরিশ্রম করছি। গত মৌসুম শেষে আমরা ফর্ম শোধরাতে বাধ্য হয়েছি। ঐ সময় আমাদের বিপক্ষে প্রতিপক্ষ অনেক গোল দিয়েছে। গোল হজম না করে ম্যাচ শেষ করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এবার আমরা রক্ষণভাগ ও মিডফিল্ডে দারুণভাবে নিজেদের ফিরিয়ে এনেছি। স্ট্রাইকাররাও ভাল খেলছে।’
লা লিগার সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেওয়ান্ডোভস্কি বড় দুটো সুযোগ নষ্ট করেছে। পোলিশ এই স্ট্রাইকার এখনো অবশ্য লিগের সর্বোচ্চ গোলদাতার পজিশন ধরে রেখেছেন। ১৮ মিনিটে তার পাসে বার্সেলোনাকে এগিয়ে নেন পেদ্রি। ২০ বছর বয়সী এই মিডফিল্ডারের সব ধরনের প্রতিযোগিতায় ৭ ম্যাচে এটি চতুর্থ গোল। ভিয়ারিয়ালের হয়ে হোসে লুইস মোরালেস সমতা ফেরাতে পারতেন। কিন্তু তার ভলি অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
ম্যাচ শেষে বার্সা কোচ জাভি বলেছেন, ‘এখনো লিগের অনেক পয়েন্ট বাকি, আমাদেও অনেকদূর যেতে হবে। আমরা দারুণভাবে এগিয়ে চলেছি, কিন্তু তারপরও এখনো অনেক জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে। কঠিন এই ম্যাচে জয়ের জন্য আমরা শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছি।’