ভালোবাসা দিবসে কে-পপ ও বাংলাদেশি সঙ্গীতের অনন্য মিশ্রণ ‘ডাকপিয়ন’

আবেগ-অনুভূতি প্রকাশের জন্য সঙ্গীত এক অনন্য মাধ্যম। প্রেমের স্মৃতি রোমন্থনেও অনেকে ডুব দিয়ে থাকেন সুরের সাগরে। আর তাই তো বিশ্ব ভালোবাসা দিবসে অডিও-ভিডিও প্রযোজকরা ব্যস্ত হয়ে পড়েন নতুন গান ও অ্যালবামের প্রকাশনা নিয়ে। বিশ্বব্যাপী ছডিয়ে পড়া কোরিয়ান সঙ্গীতের ক্রেজে বাংলাদেশের তরুণ প্রজন্মও ভেসে বেড়াচ্ছে অনেকদিন থেকেই। এই তরঙ্গে যোগ দেওয়া, ‘ডাকপিয়ন’ একটি নতুন মিউজিক ভিডিও। গানটি কোরিয়ান এবং বাংলাদেশি উভয় ভাষার নির্মাণ হয়েছে।

‘ডাকপিয়ন’র কথা লিখেছেন সজীব ভূঁইয়া ও কোরিয়ান ভাই। এটির সংগীতায়োজন করেছেন সংগীত আদিব কবির। তার সঙ্গে ছিলেন তৌফিক তামিম, কোরিয়ান ভাই এবং শেফা তাবাসসুম। ভিডিওগ্রাফি ও পোস্ট প্রোডাকশন এডিটিং করেছেন নাসিমুল মুরসালিন সাক্ষর।

তৌফিক তামিম তার বাবার দূতাবাসে চাকরির সুবাদে কোরিয়ায় থাকাকালীন সংগীত প্রতিভা প্রদর্শন করেছিলেন। কয়েকটি প্রতিয়োগিতায় শীর্ষ স্থান অধিকারসহ কোরিয়ান রিয়েলিটি শোতে তার পারফরম্যান্সের লক্ষ লক্ষ ভিউ তাকে দ্রুত কোরিয়ান রিয়েলিটি মিউজিক প্ল্যাটফরমে নিজের জন্য একটি শক্ত অবস্থান তৈরতে সহায়তা করেছিল। এই ভিডিওগুলো একইভাবে কোরিয়ান এবং বাংলাদেশি মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এরই ধারাবহিকতায়, তৌফিক তামিম গত ২১ মে, ২০১৯-এ ধ্রুব মিউজিক স্টেশন থেকে তার প্রথম মিউজিক ভিডিও ‘মন বসে না পোরার টেবিলে’ এর মাধ্যমে বাংলাদেশি দর্শক-শ্রোতাদের কাছে জনপ্রিয়ভাবে আত্মপ্রকাশ করেছে।

ছবি: সংগৃহীত

‘কোরিয়ান ভাই’ বাংলাদেশের সোস্যাল মিডিয়ায় অতি পরিচিত নাম। ‘কোরিয়ান ভাই’ খ্যাত জোসেফ কিম হলেন একজন কোরিয়ান ইউটিউবার যিনি বাংলাদেশকে ভালোবেসে এবং বাংলা সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে দ্রুত বাংলা ভাষা শিখেছিলেন। বিনোদনমূলক ভিডিওগুলোর মাধ্যমে তিনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্বে পরিনত হয়েছেন।

এই দুজনের পাশাপাশি, শেফা তাবাসসুম, একজন প্রতিভাবান বাংলাদেশি নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার, যিনি দক্ষিণ কোরিয়ার ‘চ্যাংওয়ান কেপপ ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল ২০১৮’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং ‘সেরা একক পারফরম্যান্স’ বিভাগে জিতে সবাইকে গর্বিত করেছেন। তারপর থেকে, তিনি একাধিক পারফরম্যান্স এবং মিউজিক ভিডিওতে উপস্থিত হওয়ার মাধ্যমে এই শিল্পে নিজেকে একটি বিশিষ্ট উদীয়মান শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছেন।

তৌফিক তামিম ও শেফা কোরিয়ার মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তারা এখন কোরিয়ান সাংস্কৃতিক অঙ্গনে অত্যন্ত জনপ্রিয় মুখ। একইসাথে বাংলাদেশেও রয়েছে তাদের ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা।

কোরিয়ান বাংলাদেশি উভয় সংস্কৃতির অভিজ্ঞতা সমৃদ্ধ এই তিন সঙ্গীত ত্রয়ীটিকে একত্রিত করেছেন উদীয়মান সুরকার আদিব কবির, যিনি এই দলটিকে রাউন্ড আউট করার মাস্টারমাইন্ড। আদিব ইতিমধ্যেই তার কর্মজীবনে একাধিক হিট ছবির মিউজিক কম্পোজিশন তৈরি করেছেন। সে প্রত্যাশা করছে তিন জনের সাথে তার দীর্ঘ বন্ধুত্বের ফসল হিসেবে তৈরি আকর্ষণীয় এই মিউজিক ভিডিওটি বাংলাদেশ-কোরিয়া তথা বিশ্বের কাছে উন্মুক্ত করার এই মাহেন্দ্রক্ষণে আদিব খু্বই আবেগতাড়ীত।

সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলা এবং কোরিয়ান উভয় ভাষায় নির্মিত মিউজিক ভিডিও ‘ডাকপিয়ন’ এবারের বিশ্ব ভালোবাসা দিবসে ইউটিউব ও স্পোটিফাইসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলিজ করা হচ্ছে। মিশ্রিত কোরিয়ান ও বাংলা মিউজিক এবং জনপ্রিয় শেফার নৃত্য দর্শকশ্রোতাদের মন কাড়বে বলে প্রত্যাশা করা যায়।