ক্রীড়া সাংবাদিকদের অন্যতম সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) শনিবার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘বিএসজেএ অ্যাওয়ার্ড নাইট ২০২৩’ পুরস্কার বিতরণ করে। ক্রীড়াবিদ, ক্রিকেটার, ফুটবলার, সংগঠক, পৃষ্ঠপোষক বিভিন্ন ক্যাটেগরিতে পুরস্কার দেয়।
নারী ফুটবলে ২০১৬ বর্ষসেরা কোচ হিসেবে পুরস্কার পেয়েছেন কোচ গোলাম রব্বানি ছোটন। ২০১৭ বর্ষসেরা সংগঠক হিসেবে পুরস্কার পেয়েছেন ফুটবল সংগঠক মাহফুজা আক্তার কিরণ। ২০২২ সালে বিএসজেএ স্পোর্টস পারসন অব দ্য ইয়ার ক্যাটেগরিতে প্রথম রানারআপ হয় ফুটবলার সাবিনা খাতুন। প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড পায় বাংলাদেশ নারী ফুটবল দল।
পুরস্কার পাওয়ার তালিকায় রয়েছেন বাফুফের সদস্য, নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি আকেরটি ক্রীড়া সাংবাদিকদের সংগঠনের বিচারে বর্ষসেরা সংগঠকের পুরস্কার পেলেন। এবার কিরণকে পুরস্কৃত করল বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ)।
এটি ২০১৭ সালের মনোনীত পুরস্কার। সেবার বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ সংস্থা ফিফার নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়ে দেশের জন্য তুলে এনেছিলেন বিশেষ সম্মান। তিনি পরপর দুবার ফিফার নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন। দেশের কোনো নারী ফিফার সদস্য হননি আগে। কিরণ প্রথম নারী যিনি বাংলাদেশ থেকে ফিফার সদস্য নির্বাচিত হয়েছিলেন। শুধু দেশের জন্য গৌরব এনেছিলেন। নারী সমাজের সম্মানও বাড়িয়েছেন। যেসব নারী ক্রীড়া সংগঠক রয়েছেন তারাও কিরণের সাফল্যে গর্বিত। শুধু বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন নয়, এর আগে ২০১৭ সালের জন্য বছরের সেরা সংগঠনের পুরস্কার দিয়েছিল আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ক্রীড়া সাংবাদিকদের আরেকটি সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। দেশের গুরুত্বপূর্ণ অনন্যা শীর্ষদশ নারী পুরস্কার পেয়েছিলেন কিরণ। বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির (ডব্লিউ ই এ বি) বর্ষসেরা পুরস্কার পেয়েছেন তিনি। কিরণ বর্তমানে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য।