আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আশানুরূপ ফলাফল পায়নি বাংলাদেশ নারী দল। গত রবিবার রাতে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে বড় হারের তীক্ত স্বাদ নিতে হয়েছে নিগার সুলতানা জ্যোতির দলকে। আজ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জ্যোতিরা মুখোমুখি হবে শক্তিশালী দল অস্ট্রেলিয়ার।

এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ দল ১২৬ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কাকে। সহজ লক্ষ্য পেয়ে ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা নারী দল। ম্যাচ হারের পর নিজেদের ব্যাটিং সীমাবদ্ধতার কথাই জানান জ্যোতি। এ সময় আগামী ম্যাচগুলোতে ব্যাটারদের ব্যাটে আরো বেশি বাউন্ডারি চান প্রমিলা দলের এ অধিনায়ক।

এদিকে আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। যারা কিনা বাংলাদেশ থেকেও শক্তিশালী দল। অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের। ঐ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৭৩ রান তোলে অজি ব্যাটাররা। জবাবে ১৪ ওভারেই মাত্র ৭৬ রানে গুটিয়ে যায় কিউই নারী দল। অন্যদিকে বাংলাদেশ প্রমীলা দল নিজেদের প্রথম ম্যাচে ব্যাট ও বল হাতে ছিল ব্যর্থ। ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রান তোলে বাংলাদেশ নারী দল। দলটির হয়ে সর্বোচ্চ ২৯ রান আসে সোবহানা মোস্তারির ব্যাটে। ৩২ বলে খেলা এই ইনিংসে ছিল পাঁচটি চারের মার। এছাড়া ৩৪ বলে ২৮ রান করেন অধিনায়ক জ্যোতি। এই দুই জন ছাড়া দুই অঙ্কের রান স্পর্শ করতে পেরেছেন কেবল শামিমা সুলতানা এবং লতা মন্ডল। শামিমা ১৩ বলে ২০ এবং লতা ১৩ বলে ১১ রান করেন।

বাংলাদেশের দেওয়া সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও কিছুটা ব্যাকফুটে যেতে হয় শ্রীলঙ্কাকে। দলের ২৫ রানেই দলটি হারিয়ে ফেলে তিন উইকেট। আর এ তিনটি উইকেটই নেন দলের ১৮ বছর বয়সি পেসার মারুফা আক্তার। তবে এরপর অবশ্য আর উইকেট হারায়নি শ্রীলঙ্কা। দেখে শুনে লঙ্কান দুই ব্যাটার হারশিতা সামাবিক্রমা ৫০ বলে ৬৯ এবং নিলাকশি ডি সিলভা ৩৮ বলে ৪১ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।

বাংলাদেশ নিজেদের পুরো ইনিংসে মোট বাউন্ডারি হাঁকিয়েছে মাত্র ১০টি। ম্যাচ শেষে এ বিষয়ে অধিনায়ক জ্যোতি বলেন, ‘পাওয়ার প্লের সময় আমাদের ব্যাটিং দুর্দান্ত ছিল। কিন্তু ৬ ওভারের পর আমরা কোনো বাউন্ডারি পাইনি। এরই মূল্য দিতে হয়েছে। আমরা পরের ম্যাচগুলোতে পাওয়ার প্লের এই ব্যাটিংটা করে যেতে চাই। বাউন্ডারি মারা নিয়ে কাজ করতে হবে আমাদের। শেষ দিকে আমরা উইকেটও বেশি হারিয়েছি।’