বছরে ৫০০ কোটি ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করতে চায় ভারত

বছরে ৫০০ কোটি ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করতে চায় ভারত। আগামী দুই বছরের মধ্যেই সেই কাজটি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। এই তালিকায় যুদ্ধবিমান ও হেলিকপ্টারও আছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এই আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এই আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, সোমবার বেঙ্গালুরুতে এশিয়ার সবচেয়ে বড় বিমান প্রদর্শনীতে প্রধানমন্ত্রী মোদি জানান, প্রতিরক্ষা ক্ষেত্রও আত্মনির্ভর হয়ে উঠছে দেশ। বেঙ্গালুরুতে 'অ্যারো ইন্ডিয়া ২০২৩' এর সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, আগে আধুনিক অস্ত্র বিদেশ থেকে আমদানি হতো, বর্তমানে ভারতেই তৈরি হচ্ছে সমরাস্ত্র। বেঙ্গালুরুর আকাশ দেখলো নতুন ভারতের শক্তি। বিমান প্রদর্শনীতে যোগ দিয়েছে ৯৮টি দেশ। 

সোমবার বেঙ্গালুরুতে এশিয়ার সবচেয়ে বড় বিমান প্রদর্শনীতে প্রধানমন্ত্রী মোদি জানান, প্রতিরক্ষা ক্ষেত্রও আত্মনির্ভর হয়ে উঠছে দেশ।

মোদি জানান, ভারত ৭৫টি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করে থাকে। প্রতিরক্ষা ক্ষেত্র ও মহাকাশ গবেষণা ক্ষেত্রে দেশের শক্তিকে তুলে ধরতে বেঙ্গালুরুর ইলাহানকা এয়ারবেসে পাঁচ দিনব্যাপী 'অ্যারো ইন্ডিয়া ২০২৩' এর আয়োজন হয়েছে। যেখানে প্রধানমন্ত্রী মোদি ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই প্রমুখ। 

মূলত দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধাস্ত্র ও যুদ্ধবিমানের প্রদর্শনীর জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এবার যা চতুর্দশতম পর্বে পড়ল। উদ্বোধনী অনুষ্ঠানে মোদি জানান, প্রতিরক্ষা ও মহাকাশ ক্ষেত্রে দেশের শক্তিকে তুলে ধরার ভালো মঞ্চ অ্যারো ইন্ডিয়া। আজ বেঙ্গালুরুর আকাশ নতুন ভারতের শক্তির সাক্ষী থাকছে।

মোদির আরও দাবি, গোটা বিশ্বের আস্থা বাড়ছে ভারতের ওপরে। এই অনুষ্ঠানে অসংখ্য দেশের উপস্থিতি প্রমাণ করছে ভারতের ওপরে বিশ্বের আস্থা বৃদ্ধি পেয়েছে। তথ্য দিয়ে মোদি জানান, এবারের অ্যারো ইন্ডিয়ায় বিভিন্ন দেশের ৭০০ এর বেশি প্রতিনিধি যোগ দিয়েছে, যা বিগত বছরগুলোর রেকর্ড ভেঙে দিয়েছে। 

প্রধানমন্ত্রী মোদি জানান, শুধু প্রতিরক্ষায় নয়, বাণিজ্য ক্ষেত্রেও সম্ভাব্য অংশীদার হয়ে উঠছে ভারত। মোদির মতে, সবটাই আত্মনির্ভরতার আদর্শকে প্রমাণ করছে। অ্যারো ইন্ডিয়ার প্রদর্শনীমূলক অনুষ্ঠানে বিভিন্ন দেশের সঙ্গে প্রায় ২৫১টি এমওইউ স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা প্রায় ৯০০ কোটি ডলারে কাছাকাছি।