ভালোবাসা দিবসে মাহতিম সাকিব'র ‘রঙিন কাঁচের দরজা’

তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী মাহতিম সাকিব। মাঝে মধ্যেই নতুন গান প্রকাশ করেন তিনি। আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘রঙিন কাঁচের দরজা’ নামে একটি মিউজিক্যাল ফিল্মে কণ্ঠ দিয়েছেন এই সংগীতশিল্পী। এটির কথা ও সুর করেছেন এইচ এম নিপু। সংগীতায়োজন করেছেন অপু রায়হান।

গানটির ভিডিও নির্মাণ করেছেন রেজা মাহমুদ। ঢাকার বিভিন্ন অভিজাত লোকেশনে মিউজিক্যাল ফিল্মটি শুটিং করা হয়েছে। মিউজিক্যাল ফিল্মটিতে মডেল হয়েছেন জনপ্রিয় ‘যে পাখি ঘর বোঝেনা’ গানের মডেল তারেক জামান তাঞ্জ এবং জনপ্রিয় ‘বেইমান’ গানের মডেল আদিবা। একটা ছেলের প্রথম দেখায় একটা মেয়েকে ভালোলাগা এবং তাদের কাছে আসার গল্পে নির্মাণ করা হয়েছে গানটি।

ছবি: সংগৃহীত

গানটি সম্পর্কে মাহতিম সাকিব বলেন, ‘নিপু ভাইয়ের কথা ও সুরে নতুন একটি রোমান্টিক মৌলিক গান করেছি। সেটা ভালোবাসা দিবসে আসছে। গানের কথাগুলো শুনেই ভালো লেগেছে। আশাকরি শ্রোতামহলের কাছে গানটি ভালো লাগবে।’

ভালোবাসা দিবসে ‘চ্যানেল এইচ এম’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।