শরীয়তপুরের নড়িয়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলায় আটক দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তাদের আটক করা হয়। নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার (১৩ ফ্রেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নড়িয়া উপজেলার চন্ডিপুর হাইস্কুলের ভেতর পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নড়িয়া থানার এসআই ইকবালের নেতৃত্বে চার সদস্যর একটি দল উপজেলার কেদারপুর ইউনিয়নের চন্ডিপুর হাইস্কুলে অভিযান চালায়। এ সময় দুই আসামিকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় ৪০-৫০ জন পুলিশের ওপর হামলা চালিয়ে দুই আসামিকে ছিনিয়ে নেয়। হামলায় এএসআই ফরহাদ গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
নড়িয়া থানার ওসি হাফিুজুর রহমান বলেন, মাদকসহ আসামি ধরা পড়ার পর ৪০ থেকে ৫০ জন পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে যায়। তবে পালিয়ে যাওয়া আসামিদের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।