ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় এক প্রতারককে আটক করেছে সরকারের ভ্রাম্যমাণ আদালত। ওই প্রতারকের নাম মোহাম্মদ বিন জহির সুমন ভূঁইয়া। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে রাজধানীর গুলশান এভিনিউর চিটাগং বুল রেস্টুরেন্ট থেকে চাঁদা দাবির সময় তাকে গ্রেফতার করা হয়।
ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, মোহাম্মদ বিন জহির সুমন ভূঁইয়া নিজেকে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার পরিচয় দিয়ে রেস্টুরেন্ট ম্যানেজারের কাছে ১০ হাজার টাকা দাবি করেন। রেস্টুরেন্ট ম্যানেজারের সন্দেহ হলে তিনি কৌশলে মোহাম্মদ বিন জহির সুমন ভূঁইয়াকে আটকে রাখেন এবং ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারকে জানান। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা খুঁজে পান।
অভিযুক্ত মোহাম্মদ বিন জহির সুমন ভূঁইয়া স্বীকার করেন যে, তিনি প্রায় এক বছর ধরে ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা করে আসছিলেন। তার কাছে থেকে প্রতারণার কাজে ব্যবহূত ২টি দামি স্মার্ট ফোন ও একটি মানিব্যাগে ১১ হাজার টাকা জব্দ করা হয়। ভুয়া পরিচয় ও প্রতারণা করার অপরাধে দণ্ডবিধির ১৭১ ধারা অনুযায়ী মোহাম্মদ বিন জহির সুমন ভূঁইয়াকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।