মুরসি কায়রোতে সমাহিত

মিসরে বিচার চলাকালে মারা যাওয়া ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে কায়রোতে সমাহিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার তার দল মুসলিম ব্রাদারহুডের সাবেক নেতাদের কবরের পাশেই তাকে কবর দেওয়া হয়। এর আগে তার নিজ প্রদেশে কবর দিতে চাইলেও সরকারের অনুমতি মেলেনি। সোমবার আদালতে তার মামলার শুনানি চলাকালেই সংজ্ঞা হারিয়ে ফেলে মুরসি। হাসপাতালে নেওয়ার পর চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর আল-জাজিরার

সাবেক প্রেসিডেন্ট মুরসির ছেলে আহমেদ মুরসি জানিয়েছেন, খুব ভোরে বাবাকে কবর দেওয়া হয়। এই সময় পরিবারের সদস্যরা ছাড়া মুসলিম ব্রাদারহুডের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। ফেসবুক বার্তায় আহমেদ মুরসি জানান, মুরসিকে তার নিজ প্রদেশ শারকিয়ায় সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সরকারের অনুমতি না মেলায় কায়রোর মদিনাত নসরে সমাহিত করা হয়। এর আগে তার মরদেহ তোরা কারাগার হাসপাতালে গোসল করানো হয় এবং তার জানাযা হয় ওই কারাগারের মসজিদে। মুরসির আইনজীবী আবেদল মোনেইম আবদেল মাকসুদও জানিয়েছেন, মঙ্গলবার সকালে কায়রোর মদিনাত নসরের আল ওয়াফা ওয়া আল-আমাল কবরস্থানে সমাহিত করা হয়েছে।