‘শিল্পীদের অনুপ্রেরণা দেবার কাজটিই আমরা করে থাকি’

দেশের বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকদের সমন্বয়ে প্রতিষ্ঠিত ৩০ বছরের ঐতিহ্যবাহী সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আগামী ২০ মার্চ ২০২৩, সোমবার বিকেল ৫টায় ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ওয়েসিস হলে ট্রাব মিউজিক পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০২২ প্রদান করবে।

আধুনিক, প্লে-ব্যাক, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লালন গীতি, ফোক, ব্যান্ড, প্রবাসী সঙ্গীত, টেলিভিশনের অনুষ্ঠানের শীর্ষ সঙ্গীত, ডিজিটাল প্লাটফর্মের ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও, ইউটিউব সঙ্গীতসহ বিভিন্ন ক্যাটাগরিতে জুরিমন্ডলীর রায়ে শ্রেষ্ঠত্বের বিচারে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। বিচারকর্মকে সুষ্ঠু ও জবাবদিহিতামূলক করতে বিচারকমন্ডলীর সমন্বয়ে জুরিবোর্ড গঠন করা হবে। দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং সঙ্গীত পরিবেশন করবেন।

অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে সিনিয়র সাংবাদিক বাদল আহমেদকে চেয়ারম্যান এবং হামিদ মোহাম্মদ জসিমকে সদস্য সচিব করে অনুষ্ঠান উদযাপন কমিটি গঠন করা হয়েছে। 

এবারের আয়োজন প্রসঙ্গে সালাম মাহমুদ বলেন, ‘ট্র্যাব সম্মাননা মূলত আমাদের সাংস্কৃতিক কর্মীদের একটি অনুপ্রেরণার নাম। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে আমরা নিষ্ঠার সাথে এই কাজটিই করে যাচ্ছি। যেখানে শিল্পীদের সম্মান দিয়ে নিজেদের কাজের উৎকর্ষকে আরো খানিকটা তুলে ধরা। এখন তো অনেকেই অনেকরকম অ্যাওয়ার্ড প্রদান করছেন। কিন্তু ঐতিহ্যের দিক থেকে আমি বলবো- ট্র্যাব সম্মাননা শিল্পীদের পাশাপাশি আমাদের এই শোবিজ অঙ্গনকে করে তুলেছে আরো সমৃদ্ধ। এবারের আয়োজনটিও তাই বিশেষভাবে আমরা উপস্থাপনের উদ্যোগ নিয়েছি।’