আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুটি মামলায় জামিন পাওয়ার মাধ্যমে আবারো প্রমাণিত হলো আদালত সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। আদালত চাইলে তাকে সব মামলা থেকে অব্যাহতি দিয়ে মুক্তি দিতে পারে।
গতকাল মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, তার মুক্তির বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। তার জেল থেকে ছাড়া পাওয়ার পথে যে অন্তরায়গুলো আছে তার মধ্যে দুটি মামলায় তিনি জামিন পেলেন। কিন্তু মামলা তো অনেকগুলো রয়ে গেছে। সকল মামলায় জামিন পেলেই তিনি মুক্তি পাবেন। সরকার এখানে কোনো অন্তরায় নয়। এটি আদালতের ব্যাপার।
মাদারীপুর সদরসহ সারাদেশে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে অবস্থান নেওয়া নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দলের নেক্সট ওয়ার্কিং কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। রিপোর্টের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ বগুড়া-৬ সংসদীয় আসনে উপ-নির্বাচনে ইভিএম ব্যবহারে বিএনপির আপত্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘ইভিএম নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। বিএনপি প্রার্থীর অবস্থান ভালো থাকলে কেউ তাকে জয় থেকে বঞ্চিত করতে পারবে না।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘ফখরুল সাহেব শপথ না নিয়ে মনে মনে আফসোস করছেন। তাদের দুজন এমপিই সংসদ গরম করে দিয়েছেন। উনি থাকলে সংসদ আরো গরম হতো। তিনি শপথ না নিয়ে নিজেকে ও দলকে বঞ্চিত করেছেন।’ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সরকার পতনের হুঙ্কারের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এ রঙিন স্বপ্ন কখনো সফল হবে না। বিনা মেঘে গর্জন হয় না। মেঘ তো সৃষ্টি করতে হবে। আষাঢ় মাস তর্জন-গর্জনের মাস। তাই তারাও গর্জন করছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের ১ম ধাপ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানী রেল স্টেশন পর্যন্ত আগামী বছরের জানুয়ারি মাসে এবং ২য় ও ৩য় ধাপের কাজ বনানী রেল স্টেশন থেকে মগবাজার রেল ক্রসিং হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ২০২২ সালের মার্চ মাসে সম্পন্ন হবে। ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর মতো মেট্রোরেল প্রকল্পের সার্বিক উন্নয়ন কাজ আগের চেয়ে অনেকটা পুরোদমে এগিয়ে চলেছে। এটি এখন পদ্মা সেতুর মতো দৃশ্যমান হয়েছে বলেও জানান তিনি। কবে পাতাল রেলের দৃশ্যমান কাজ শুরু হবে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন ফিজিবিলিটি টেস্ট চলছে, এ বছরেই দৃশ্যমান কাজ শুরু হবে।’
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক এ এইচ এম শাখাওয়াত আকতার এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।