দেশে ফিরতে চায় ভূমধ্যসাগরে আটকা পড়া ৬৪ বাংলাদেশি

প্রথমদিকে রাজি না হলেও শেষ পর্যন্ত দেশে ফিরতে চায় তিউনিশিয়া উপকূলে প্রায় ২০ দিন ধরে আটকা পড়ে থাকা ৬৪ বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম এর মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। 

সূত্র জানায়, গত ২৮ মে ৬৪ বাংলাদেশিসহ ৭৫ জন অভিবাসন প্রত্যাশী একটি ইঞ্জিন নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করে। তিউনিশিয়া উপকূলে পৌঁছানোর পর তাদের বহনকারী কাঠের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। ওই অবস্থায় চার দিন তারা সাগরে ভাসতে থাকে। ৩১ মে মিশরের একটি কার্গো জাহাজ তাদের উদ্ধার করে। কিন্তু তিউনিসিয়া কর্তৃপক্ষ উদ্ধারকারী জাহাজটিকে কূলে ভিড়তে অনুমতি না দেওয়ায় তাদেরকে সাগরে ভাসতে হচ্ছে। অভিবাসন প্রত্যাশীদের খাবার, পানীয় এবং চিকিত্সা সহায়তা দেওয়ার চেষ্টা করেছিলো তিউনিশিয়ার রেড ক্রিসেন্ট। কিন্তু বেশিরভাগই এ সহায়তা নিতে অস্বীকৃতি জানায়। তারা ইতালি পর্যন্ত যাওয়ার জন্য জ্বালানি দেওয়ার দাবি জানায়।

১৫ মে লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ওই জাহাজ পরিদর্শন করে বাংলাদেশিদের সঙ্গে আলোচনা করেন। এরপরই বাংলাদেশিরা দেশে ফিরতে রাজি হয়। জানা গেছে, যাচাই-বাছাইয়ে ওই বাংলাদেশিদের নাগরিকত্ব প্রমাণ হলে লিবিয়ায় ত্রিপোলিস্থ বাংলাদেশ দূতাবাস দ্রুত তাদের ট্রাভেল পারমিট ইস্যু করবে।