বঙ্গবন্ধু গবেষণায় ও সাংগঠনিক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ‘দৈনিক বঙ্গজননী সম্মাননা পদক-২০২৩’ এ ভূষিত হলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হয়।
দৈনিক বঙ্গজননী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বঙ্গজননীর দৃষ্টিতে বঙ্গবন্ধু গ্রন্থের প্রকাশনা উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ।
দৈনিক বঙ্গজননীর প্রধান সম্পাদক আলী নিয়ামত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান (সচিব) মোঃ আনিসুর রহমান মিয়া পিএএ, বাংলাদেশ জুয়েলারি সমিতির নির্বাহী সদস্য আলহাজ্ব ইকবাল উদ্দিন মজুমদার ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক মফিজুল হক খান বাবু।
প্রায় ৩০ বছর যাবত সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে আসছেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল। তার এই সকল গবেষণালব্ধ লেখা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে বলে জানান তিনি।
তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে ও ব্যক্তিগতভাবে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। ইতিমধ্যে তিনি মানবসেবায় বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘মেলভিন জোন ফেলো-এমজেএফ’ উপাধিসহ শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।
উক্ত সম্মাননা পদকে ভূষিত হওয়ায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।