হাসপাতাল প্রতিষ্ঠার ৩৬ বছর পর চালু হলো অপারেশন থিয়েটার

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৩৬ বছর পর অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সংসদ সদস্য ডা. মো. আব্দুল আজিজ অপারেশন থিয়েটারের উদ্বোধন করেন। 

জানা যায়, ১৯৮৭ সালে হাসপাতালটি প্রতিষ্ঠার ১৮ বছর পর সীমিত পরিসরে অপারেশন থিয়েটার চালু করা হয়েছিলো। তখন সব মিলিয়ে মাত্র ৪ জন সিজারিয়ান অপারেশন করা হয়। তারপর থেকেই অপারেশন থিয়েটার বন্ধ ছিলো।

Tarash (Sirajganj) Pic 16.02.2023

সিরাজগঞ্জ-৩ (তাড়াশ, রায়গঞ্জ, সলঙ্গা) আসনের সংসদ সদস্য ও হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ডা. মো. আব্দুল আজিজ বলেন, পূর্ণাঙ্গরূপে চালু হলো তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার। প্রথম দিনে ৩ জনের অপারেশনই সফল হয়েছে।  

এক রোগীর স্বজন মন্টু মিয়া বলেন, আমার মেয়ে মরিয়ম খাতুনের কোনো টাকা ছাড়াই সিজারিয়ান অপারেশন হয়ে গেল। খুবই আনন্দের। প্রসূতি মেয়েকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ির ভোগান্তি থেকে মুক্তি মিললো।  

অপারেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. রামপদ রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন।