জার্মানি থেকে প্রেমের টানে খুলনায় ছুটে এলেন অ্যাসটিট ক্রিস্টিয়াল কাসুমী সিউর নামের এক নারী। গত ১০ জুন জার্মানি থেকে বাংলাদেশে আসেন তিনি। গত ১৩ জুন নগরীর খানজাহান আলী থানার যোগিপোলের যুবক আসাদ মোড়লের সঙ্গে ঘর বাঁধেন তিনি। এখন খুলনার বাড়িতেই বসবাস করছেন তারা। ক্রিস্টিয়াল জানান, আসার আগে তিনি তার জার্মান স্বামীকে ডিভোর্স দিয়েছেন। খুলনায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করে আসাদ মোড়লকে বিয়ে করেছেন। আসাদের সঙ্গে জার্মান নাগরিকের বিয়ের খবরে এলাকাবাসীর মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে। নগরীর খানজাহান আলী থানার যোগিপোল ইউনিয়নের ৭ নম্বর ওয়াডের্র ইব্রাহিম মোড়লের ছেলে এমডি আসাদ মোড়ল। জার্মান নারীকে দেখতে আসাদের বাড়িতে ভিড় করছে গ্রামবাসী।
আসাদের পরিবার জানায়, আসাদ মোড়ল তেমন পড়াশুনা করেননি। মাঝে মাঝে তিনি শ্রমিকের কাজ করেন। ফেসবুকে তার সঙ্গে জার্মান নারীর পরিচয়। প্রায় দুই বছর ধরে কথা বলতে বলতে প্রেম। ক্রিস্টিয়াল প্রেমের সম্পর্ককে বাস্তবে রূপ দিতে জার্মান স্বামীকে ডির্ভোস দিয়ে বাংলাদেশে আসেন।
আসাদের বাবা ইব্রাহিম মোড়ল বলেন, কখনও ভাবিনি এক বিদেশিকে বিয়ে করবে ছেলে। ছেলে যদি সুখী হয়, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আসাদ মোড়ল বলেন, দুই বছর আগে ফেসবুকে ক্রিস্টিয়ালের সঙ্গে আমার পরিচয়। এরপর বন্ধুত্ব এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তার জীবনসঙ্গী হতে পেরে খুবই খুশি আমি।
ক্রিস্টিয়াল বলেন, আসাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বাস্তবে রূপ দিতেই আমি এখানে চলে আসি। এখন আমরা সুখী। আমাদের জন্য দোয়া করবেন।