মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দুই ভাই গ্রেফতার

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দুই ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব। এরা হলেন—আব্দুল ওয়াহেদ মণ্ডল ও জাছিজার রহমান ওরফে খোকা। র‌্যাবের পৃথক অভিযানে ওয়াহেদকে রাজধানীর উত্তর মাণ্ডা থেকে র‌্যাব-৩ এবং খোকাকে মোহাম্মদপুর থেকে র‌্যাব-২-এর একটি দল গ্রেফতার করে।

র‌্যাব জানায়, তারা ২০১৬ সাল থেকে আত্মগোপনে ছিলেন। অন্যের নামে রেজিস্ট্রেশন করা সিম দিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। এছাড়া ছদ্মনাম ব্যবহার করে দীর্ঘদিন তাবলিগ জামায়াতের সঙ্গে যুক্ত হয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে নিয়মিত স্থান পরিবর্তন করতেন।

র‌্যাব জানায়, গ্রেফতার দুই ভাইয়ের বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়। ১৯৭১ সালে গঠিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির ঘোষিত তালিকা অনুযায়ী আব্দুল ওয়াহেদ জামায়াত ইসলামীর গাইবান্ধা সদরের সদস্য সচিব ছিলেন। তার বাবা আব্দুল জব্বারও একই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। জব্বার গাইবান্ধা সদর এলাকার শান্তি কমিটি এবং সশস্ত্র রাজাকার বাহিনীর প্রধান সংগঠক ছিলেন। পিতার সঙ্গে মিলে আব্দুল ওয়াহেদ ও তার ভাই জাছিজার রহমান ওরফে খোকা শান্তি কমিটির সক্রিয় সদস্য হিসেবে এলাকায় লুটপাট ও বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রম চালান। গতকাল দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান। অন্য এক আসামি মোন্তাজ আলী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।