গলায় হাড় আটকে প্রতিবন্ধীর মৃত্যু!

মাদারীপুরের রাজৈরে বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গিয়ে গলায় মাংসের হাড় আটকে প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বৈরাগীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আবুল হোসেন মোল্লা (২৩) পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার তপারকান্দি গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে।

নিহত প্রতিবন্ধীর বাবা আব্দুল খালেক মোল্লা বলেন, শুক্রবার বিকেলে রাজৈরের পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন মিয়ার মেয়ে প্রমি আক্তারের বিয়ে হয়। এ সময় গোপালগঞ্জের মুকসুদপর উপজেলার তপারকান্দি গ্রামের প্রতিবন্ধী যুবক আবুল হোসেন মোল্লা দাওয়াত খেতে আসেন। খাওয়ার সময় হঠাৎ তার গলায় মাংসের একটি হাড় আটকে যায় । সন্ধ্যার দিকে বেশি অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন তাকে প্রথমে উপজেলার টেকেরহাটের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আসে। পরে সেখান থেকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রাতে চিকিৎসক আবুল হোসেনকে মৃত্যু ঘোষণা করেন।

রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সোয়েব হোসেন বলেন, ওই রোগীকে হাসপাতালে মৃত অবস্থায় পরিবারের লোকজন নিয়ে এসেছিল।

রাজৈর থানার অফিসার ইনচার্জ মো.আলমগীর হোসেন বলেন, ঘটনাটি শুনে হাসপাতালে ফোর্স পাঠিয়েছি, তবে ভুক্তভোগী পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।