সুন্দরবনে বাঘের আক্রমণে আহত ৪২ বছর বয়সী জেলে ২১ দিন পর মারা গেছের বলে জানিয়েছেন নিহতের ভাই নিধির গাইন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত অনুকূল গাইন মোরেলগঞ্জ উপজেলার আমুরবনিয়া গ্রামের মৃত মুকুন্দ গাইনের ছেলে।
নিধির গাইন বলেন, রাতে তিনি মারা গেছে। আমরা লাশ বাগেরহাট নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছি। বাড়িতে পৌঁছানোর পরে তার শেষ কৃত্য সম্পন্ন করা হবে। মৃত জেলে অনুকূল অবিবাহিত ছিলেন। তার মা বৃদ্ধ কুমুদিনী গাইন একজন মানসিক প্রতিবন্ধী।
পূর্ব সুন্দরবনের মোরেলগঞ্জ জিউধরা স্টেশনের কর্মকর্তা মো. শাহজাহান জানান, ২৭ জানুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের সুধীরের সিলা এলাকায় মাছ ধরার সময় বাঘের আক্রমণের শিকার হন জেলে অনুকূল গাইন। এসময় তার সঙ্গে থাকা মাহবুব জেলে চিৎকারে করলে এলাকার লোকজন ছুটে এসে অনুকূলকে উদ্ধার করে দুপুর ১২টার দিকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে জেলে অনুকূলকে ঢামেকে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাঘের আক্রমণ অনুকুলের মেরুদণ্ড, পাজড়সহ পেটে ক্ষত হয়েছিল বলে জানান তিনি।