ফর্টিসের ঘরে মোহামেডানকে হারানোর আনন্দ

কুমিল্লায় মোহামেডানকে হারের মালা পরিয়ে দিয়েছে লিগের নবাগত দল ফর্টিস এফসি। মোহামেডান ফুটবল দলের শক্তি যেমনই হোক। মোহামেডান-আবাহনীর সেই জৌলুস না থাকলেও তারা মোহামেডান-আবাহনী।

নতুন দল ফর্টিস মোহামেডানকে হারিয়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আনন্দ করল। আর যা-ই হোক, মোহামেডানের বিপক্ষে জয় বলে কথা। বাড়তি আনন্দ তো থাকবেই। এই জয়ে ফর্টিস এখন মোহামেডানকে টপকে গিয়েছে। ফর্টিস এফসি ৪-৩ গোলে মোহামেডানকে হারিয়েছে।

২-০ গোলে এগিয়ে থাকা মোহামেডানকে পাল্টা জবাব দিয়েছে ফর্টিস। ২১ মিনিটে মোহামেডান এগিয়ে যায় রাকিবের গোলে ১-০। ৪৬ মিনিটে অধিনায়ক সুলায়মান দিয়াবতের গোলে আরেক ধাপ এগিয়ে যায় ২-০। মিনিট দশেক পরই ফর্টিসের বোরহান গোল করে সম্ভাবনা জাগান ১-২। ৬৪ মিনিটে জনির গোল ফর্টিসকে সমতায় ফেরায় ২-২।

চাপে পড়ে মোহামেডান ৭০ মিনিটে তৃতীয় গোল হজম করে, ৩-২। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ৭৭ মিনিটে আরিফের গোলে (৩-৩) সমতায় আসে মোহামেডান। টানটান উত্তেজনা ছড়িয়ে পড়া লড়াইয়ে ৭০ মিনিটে ফর্টিসের অধিনায়ক ব্রাজিলিয়ান ফুটবলার ডেনিলোর অগাস্তোর গোলে মোহামেডানের বুকে শেষ পেরেকটা ঢুকে যায়, ৪-৩।

আনন্দের যেন শেষ নেই। মোহামেডানের চতুর্থ হার। আর ফর্টিসের খেলোয়াড়রা একজন আরেকজনকে জড়িয়ে ধরে মাঠের সব আলো কেড়ে নিলেন।